অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট: বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দখলে রাখতে পাঁচকাহানিয়াতে গুরত্বপূর্ণ কর্মী বৈঠক করলেন ঝাড়গ্ৰাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাত। এদিন সাতমা মন্ডল বিজেপির পক্ষ থেকে পাঁচকাহানিয়া কমিউনিটি হলে একটি বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তুফান মাহাত, বিজেপির সাতমা মন্ডল কমিটি সভাপতি মুরলীধর ঘোষ সহ স্থানীয় নেতারা।
বিজেপি সুত্রে খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য এই বৈঠক হয়। উল্লেখ্য, ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে ধরা হয়। কারণ এই ব্লকের পঞ্চায়েত সমিতি আগের নির্বাচনে দখল নিয়েছিল বিজেপি। ১৬ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৩ টি বিজেপি দখল করেছিল, তাছাড়া ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি জেলা পরিষদ আসন বিজেপির দখলে গিয়েছিল। তাই বিজেপি জেলা সভাপতির এই বৈঠক ক্ষমতা ধরে রাখার উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

