পুরুলিয়ায় গরু বোঝাই গাড়ি রুখলেন বিজেপি জেলা সভাপতি

সাথী দাস, পুরুলিয়া, ১৩ অক্টোবর: রাতে নয়, এবার দিনে। তৃণমূল বা পুলিশ নয় এবার গরু বোঝাই গাড়ি রুখলেন বিজেপি জেলা সভাপতি। হুড়া থানার লধুড়কা গ্রামের কাছে গাড়িটি রোখেন তিনি ও তাঁর অনুগামীরা। ওই গাড়িতে চাপাচাপি করে ১২ টি গরু ছিল।

জানা গিয়েছে, ওই গাড়িটি কাশীপুর হাট থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনও বৈধ কাগজ ছিল না বলে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা খবর পেয়ে রাস্তায় গাড়িটি আটকাই। দেখি পণ্যের মতো গাদাগাদি করে গো মাতাদের নিয়ে যাওয়া হচ্ছে। অবলাদের নির্মম অত্যাচার করা হচ্ছে। ওই গাড়িটি থামিয়ে পুলিশকে খবর দিই। গোটা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই হুড়া থানার ওসিকে।”

প্রসঙ্গত, ৯ তারিখ মাঝ রাতে উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা মোট ১৪৯টি গরু বোঝাই ২৩টি গাড়ি আটক করেন তৃণমূল নেতারা। হুড়া থানার পুলিশ সেগুলির আইনানুগ ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *