সাথী দাস, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর: আজসু পুরুলিয়ায় সংগঠিত হচ্ছে। বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে এই জেলায় গাঁটছড়া বেঁধেছিল। এবার সংগঠনের প্রসার ঘটিয়ে জন সমর্থন বাড়াতে উদ্যোগী হল তারা। আজ সাংগঠনিক জেলাসভাপতি পদে প্রবীণ অভিজ্ঞ আইনজীবী প্রতুল চন্দ্র মাহাতোকে বসালো আজসু। পুরুলিয়ার আইনজীবী সংগঠনেরর উচ্চ পদাধিকারী তিনি। তাঁর হাত ধরেই সাফল্যের মুখ দেখতে চাইছে আজসু।
জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রতুলবাবু জানান, আজ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আজসুর যুব মোর্চার রাজ্য আহ্বায়ক হন সুরেশ চন্দ্র মাহাতো। ওই মোর্চার জেলা সভাপতি হন সঞ্জয় কুমার মাহাতো। ৯ টি বিধানসভার আহ্বায়কের নাম আজই ঘোষণা হয়, একজন সাধারণ সম্পাদক হন। এছাড়া দ্রুত জেলায় ঢেলে সংগঠন সাজানো হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ধীরেন চন্দ্র মাহাতোর স্থলাভিষিক্ত হলেন প্রতুল।

