দালালরাজ বন্ধের দাবিতে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেপুটেশন বিজেপির

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৩ মে: হাসপাতালে দালালরাজ বন্ধের দাবিতে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেপুটেশন দিল বিজেপি। হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, “দাবি পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে জরুরি বৈঠকে বসে রোগী কল্যাণ সমিতি। বৈঠকে সকলেই দালালরাজ নিয়ে সরব হন। এবার শাসক দলের অভিযোগকে হাতিয়ার করে আন্দোলনে নামে বিজেপি। মঙ্গলবার দলের জেলা সভাপতি ধ্রুব সাহা, সহ সভাপতি স্বরূপ রতন সিনহা, শুভাশিস চৌধুরীদের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল ঈশ্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাদের দাবি, অবিলম্বে হাসপাতালে দালালরাজ বন্ধ করতে হবে। অহেতুক রোগীদের বর্ধমানে বদলি করা চলবে না। রোগীর আত্মীয়দের ফুসলিয়ে নার্সিংহোমে পাঠানো বন্ধ করতে হবে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে হবে।
এমআরআই দ্রুত চালু করতে হবে।

ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। প্রতিদিন আমরা কোনো না কোনো ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যেসব বিভাগে বেশি দুর্নীতি সেখানকার খোলনলচে পাল্টে দিয়েছি। তাদের অন্যত্র পোস্টিং করে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী বিভাগ এবং জন্ম মৃত্যু রেকর্ড সেকশনে বেশি দুর্নীতি ছিল। তবে খুব জটিল অপারেশন ছাড়া কোনো রোগীকে আমরা বর্ধমানে পাঠাই না”।

শিশু মৃত্যু নিয়ে হাসপাতালের অসয়তার কথা মেনে নিলেন ঈশ্বরবাবু। তিনি বলেন, “আমাদের হাসপাতালে এসএনসিইউ বিভাগ খুব নড়বড়ে। আমরা মাত্র দুজন ট্রেন্ড মেডিক্যাল অফিসার নিয়ে এসএনসিইউ চালাচ্ছি। তার সঙ্গে হাউস স্টাফ রয়েছে। আমরা স্বাস্থ্য ভবনে বার বার জানিয়েছি। এসএনসিইউয়ের জন্য স্বাস্থ্য ভবন থেকে পর্যাপ্ত ট্রেন্ড মেডিক্যাল অফিসার না পাঠালে কিছু করার নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *