গরু পাচার নিয়ে অভিষেকের ভাষণের সমালোচনায় বিজেপি

আমাদের ভারত, ২৯ আগস্ট: গরু পাচার কান্ড সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বোস।

সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে রথীন্দ্রবাবু টুইটারে লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় গরু পাচার কান্ড সম্পর্কে বলেছেন যে সীমান্ত অঞ্চল বিএসএফের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও যদি পাচার হয়, তাহলে কেন্দ্রীয় সরকার দায়ী। শুনে অনেকটা মনে হল একজন বলছে, ‘চোর তো চুরি করবেই। তাকে আটকাতে পারলে না বলে তোমার গাফিলতি।’

যাই হোক কিছু তথ্য দেওয়া যাক। জানা যাক কিভাবে তৃণমূল সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকার সম্পূর্ণ সুযোগ-সুবিধা করে দিয়েছে এবং কেন্দ্র সরকার নিছক নিরুপায় কারণ রাজ্য সরকার যতই অপদার্থ হোক না কেন, মানুষের ভোটে জেতা সরকারকে এমনভাবে ফেলে দেওয়া যায় না।

বিজেপি শাসিত অসমের সাথে বাংলাদেশের বর্ডার ২৬৩ কিমি। ৬১ কিমি অঞ্চলে বর্ডার ছিল না এবং মোদী সরকার জমি অধিগ্রহণ করে সেখানে স্মার্ট বর্ডার বানিয়েছে। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় ২২১৭ কিলোমিটার বিস্তৃত। এর মধ্যে ৫৩৮ কিমি বর্ডার দেওয়া সম্ভব হয়নি।

এর কারণ ভারতের সীমান্ত সুরক্ষার স্বার্থে তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে জমি দিতেই অস্বীকার করে। এমনকি দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে যখন কেন্দ্রীয় সরকার বিএসএফের তত্ত্বাবধানে থাকা সীমান্তের পরিসর ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করে দেয়, তখনও বাধা দেওয়ার চেষ্টা করে মমতা সরকার। কি জবাব দেবে তৃণমূল?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *