স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ অক্টোবর: শান্তিপুর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে মহা সপ্তমীর দিনেও বিজেপির ভোট প্রচার অব্যাহত। সকাল সকাল জনসংযোগে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। মঙ্গলবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় এই জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে। জনসংযোগের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে নিরঞ্জন বিশ্বাস প্রত্যেকের অভাব এবং অভিযোগ জানার চেষ্টা করেন।

যদিও গত বিধানসভার নির্বাচন নিয়ে মাথা ঘামাতে নারাজ নিরঞ্জন বিশ্বাস, শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্য বিজেপির পক্ষ থেকে শান্তিপুরের ভূমিপুত্র নিরঞ্জন বিশ্বাসকে প্রার্থী করা হয়। শান্তিপুরে গত বিধানসভার নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু তার সাংসদ পদ বহাল রাখার জন্য বিধায়ক পদ ত্যাগ করেছিলেন যার কারণেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে। যদিও বিরোধীরা জগন্নাথ সরকারের এই পদত্যাগ নিয়েই উপনির্বাচনে হাতিয়ার করতে চলেছে, বিরোধীদের এই মনোভাবকে উড়িয়ে দিয়ে শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে আবারও বিজেপি জয় লাভ করবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। তাই উপ নির্বাচনের আগে এক ফোটাও সময় নষ্ট করতে নারাজ বিজেপি। শারদীয়া উৎসবের মধ্যেও প্রতিদিনই জনসংযোগ থেকে শুরু করে শান্তিপুর বিধানসভা এলাকার প্রত্যেকটি ব্লকে ব্লকে গিয়ে ভোট প্রচার করছে বিজেপি।

