রক্ষণাবেক্ষণের অভাব! বালুরঘাটে যাত্রী প্রতীক্ষালয়গুলিতে বিকৃত মনীষীদের ছবি

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ জানুয়ারি: রক্ষণাবেক্ষণের অভাবে শহরজুড়ে যাত্রী প্রতীক্ষালয়গুলিতে বিকৃত হয়েছে মনীষীদের ছবি। ভেঙ্গে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যায়ে বসানো প্রতীক্ষালয়ের চেয়ারগুলিও। ধুলায় মিশে গেছে শহরের সৌন্দর্যায়ন। শুক্রবার বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। যদিও বিজেপির এই অভিযোগ কে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছে আরএসপি। পুরসভা নির্বাচনের আগে শহরজুড়ে বিজেপির তোলা এমন অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে গোটা বালুরঘাট শহরে।

বিগত কয়েক বছর আগে শহর সৌন্দর্যায়নের লক্ষ্যে থানামোড় থেকে ট্যাঙ্কমোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় যাত্রী প্রতীক্ষালয়গুলি তৈরি করে বালুরঘাট পৌরসভা। প্রায় কোটি টাকা ব্যায়ে তৈরি হয় আনুমানিক ৫০টি যাত্রী প্রতীক্ষালয়। ঝাঁ চকচকে চেয়ার বসানো প্রতীক্ষালয়গুলিতে বসানো হয় বড় বড় আকারে মনিষীদের ছবিও। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে শহরজুড়ে ওই যাত্রী প্রতীক্ষালয়গুলির বেহাল অবস্থা হয়ে দাড়িয়েছে। অধিকাংশ যাত্রী প্রতীক্ষালয়ের চেয়ার ভেঙ্গে ফেলার পাশাপাশি ছিড়ে, ভেঙ্গে বিকৃত করা হয়েছে মনীষীদের ছবিও। শুধু তাই নয়, অনেক চেয়ার চুরিও হয়ে গিয়েছে। একমাত্র পুরসভার উদাসীনতার কারণেই শহর সৌন্দর্যায়নের জন্য বসানো যাত্রী প্রতীক্ষালয়গুলি আজ ভগ্নদশাপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।

বিজেপির শহর মন্ডল সভাপতি সুমন বর্মন জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুরসভার চেয়ারম্যান শেখর দাশগুপ্ত অবশ্য জানিয়েছেন, ভেঙ্গে গেছে না ভেঙ্গে ফেলা হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিষয়টি নিয়ে তিনি বোর্ড মিটিংএ আলোচনা করেছেন। দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে।

আরএসপি নেতা প্রলয় ঘোষ অবশ্য জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বলে আসছেন। তৃণমূল বোর্ড শুধুমাত্র টাকা খাওয়ার জন্য যাত্রী প্রতীক্ষালয়গুলি বানিয়েছিল। আর বিজেপি পুরভোট কে সামনে রেখে নিজেদের ফয়দা তুলতে লোক দেখানো প্রতিবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *