নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ৯ জুন:
রাজ্য যুব মোর্চা নেতাদের দিল্লিতে তলব। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে মঙ্গলবার দিল্লি তলব করা হয়। আজ কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদারকেও দিল্লিতে তলব করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, আজ রাজ্যের ব্যাপারে আলোচনা নিয়ে দিল্লিতে গিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং, কোচবিহারের সাংসদ নিশিথ অধিকারী। তাদের সঙ্গে রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আলোচনা হয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের সঙ্গে। যুব মোর্চাকে রাস্তায় নামিয়ে কীভাবে আন্দোলনে গতি আনা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।

দলীয় সূত্রের খবর, আগামীকাল যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদারের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। তার সঙ্গেও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর সামনের সপ্তাহে বিজেপির রাজ্য সভাপতিকে ডাকা হতে পারে। তার সঙ্গেও রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। দলীয় সূত্রের খবর, এরপরেই রাজ্য বিজেপির আগামী দিনের কর্মসূচি ঠিক করবে দিল্লি। আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার জন্যই দলীয় নেতাদের মতামত নিতে সবাইকে দিল্লিতে তলব করেছেন জেপি নাড্ডা, অমিত শাহ।

