“খেলা হবে দিবসের” পাল্টা রায়গঞ্জে “পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস” কর্মসূচি পালন বিজেপির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ আগস্ট: রাজ্য সরকারের “খেলা হবে দিবসের” পাল্টা “পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস” কর্মসূচি পালন করল বিজেপি। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও পশ্চিমবঙ্গ বাঁচাও এই স্লোগান নিয়ে প্রতিবাদ মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মিছিলে অংশ নেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেতা নিমাই কবিরাজ, প্রাক্তন সভাপতি নির্মল দাম সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী সমর্থক।

সোমবার ১৬ আগস্ট রাজ্যের তৃণমূল সরকার গোটা রাজ্যজুড়ে খেলা হবে দিবস কর্মসূচি পালন করে। রাজ্য সরকারের এই কর্মসূচির প্রতিবাদ করে পাল্টা
“পশ্চিমবঙ্গ বাঁচাও” কর্মসূচি গ্রহণ করে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির নির্দেশে উত্তর দিনাজপুর জেলা বিজেপি পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি সফল করতে এক প্রতিবাদ মিছিল করে। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, বরাবরের মতো বিজেপি প্রতি বছর ১৬ আগস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করে। কিন্তু আজকের দিনেই রাজ্যের তৃণমূল সরকার খেলা হবে দিবস কর্মসূচি গ্রহণ করেছে। এরই প্রতিবাদ জানাতে আজকের এই প্রতিবাদ মিছিল। তাঁদের আশঙ্কা তৃণমূল কংগ্রেস ১৯৪৬ সালের মতো গণ সংহার করে মানুষের কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *