পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মেদিনীপুর, গড়বেতা, শালবনী ও কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই শহরে রাজনৈতিক উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী।

এদিন ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক এবং ছোট-বড় গাড়িতে করে অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক মেদিনীপুরে এসে জমায়েত হন। মূল মিছিলটি কলেজ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।

এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের তরফে। মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, এই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারেননি। তবে মিছিলের শেষ পর্যায়ে উপস্থিত হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, যা কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচিকে ঘিরে বিজেপি শিবিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে দলের নেতা-কর্মীরা আত্মবিশ্বাসী বলেই জানান।

