জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: বিজেপি প্রার্থীর প্রচার গাড়ি ভাঙ্গচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায়। প্রতিবাদে মনোহরপুর থেকে
চন্দ্রকোনায় যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ শুরু করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে প্রচার করার জন্য একটি চার চাকার গাড়ি ভাড়া করেছিল বিজেপি কর্মী। বৃহস্পতিবার প্রচার শেষে সেই গাড়ি রাত নাগাদ ভাঙ্গচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা।

তাদের দাবি, এই কাজের জন্য তৃণমূল নেতা কর্মীরা যুক্ত রয়েছে, অবিলম্বে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই নিয়ে সকাল থেকে মনোহরপুর থেকে চন্দ্রকোনা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা, ফলে সমস্যায় পড়ে পথ চলতি মানুষ। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এলে পুলিশের হস্তক্ষেপে অরবোধ উঠে যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

