ভোটের মুখে বনগাঁয় বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত বনগাঁ। বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতরের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কালুপুরের ৬৮ নাম্বার বুথে। এই ঘটনায় বিজেপির তিন কর্মী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকৎসাধীন। অভিযোগ পাওয়ার পরও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কালুপুরের ৬৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী গৌতম কুমার মন্ডলের সমর্থনে বুধবার রাতে প্রচার করে বাড়ি ফেরার সময় বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী গৌতম কুমার মন্ডল বলেন, এদিন রাতে এলাকায় প্রচার সেরে বাড়ি ফিরছিলাম, সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় মন্ডল দলবল নিয়ে আমাদের কর্মীদের উপর চরাও হয়। বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বিজেপির তিন কর্মী গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল প্রার্থী সঞ্জয় মন্ডল বলেন, বিজেপি কর্মী সমর্থকরা তাদের কর্মীদের মারধর করেছে। বিজেপি ও তৃণমূল দুই পক্ষই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *