রাজেন রায়, কলকাতা, ২১ সেপ্টেম্বর: ভবানীপুরে ভোট প্রচারে ফের বাধা পেল বিরোধী দল। আর এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। যেখানে তিনি অভিযোগ করেছেন, ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে ডোর-টু-ডোর প্রচারের সময় তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
উপনির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকেই কখনও বাধা, আবার কখনও পুলিশি নজরদারির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এ বার প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রচারে বাধা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। সেই চত্বরেই মঙ্গলবার সকাল থেকে দরজায় দরজায় প্রচারের কথা ছিল বিজেপির। কিন্তু বিজেপি প্রার্থী সেখানে পৌঁছনোর পরই ‘পুলিশি মদতে’ তাঁকে বাধা দেওয়া হয় বলে বিজেপি দাবি করেছে। গোটা ঘটনায় অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। এই মর্মে অভিযোগ তুলে অবিলম্বে গোটা ভবানীপুরে দ্রুততার সঙ্গে সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করার আবেদন জানানো হয়েছে।
ঘটনার নিন্দা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও টুইট করে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নিজের ভোটে জয়লাভ করা নিয়ে এতটাই অনিশ্চিত, যে প্রশাসন সম্ভবত ওঁর নির্দেশে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার করতে বাধা দিচ্ছে।”

