খড়দায় বিজেপি প্রার্থী শীলভদ্রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অল্পের জন্য রক্ষা

রাজেন রায়, কলকাতা, ২১ এপ্রিল: রাত পোহালেই ভোট বারাকপুর বিধানসভা কেন্দ্রে। তার আগেই আক্রান্ত হলেন খড়দহের বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। খড়দহ বন্দিপুর এলাকায় বুধবার রাতে তাঁর গাড়িতে বোমা ছুড়লো দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, ওই এলাকায় গাড়ি থেকে নেমে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন শীলভদ্রবাবু। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লে তা গাড়ির পিছনের অংশে লেগে তীব্র বিস্ফোরণ হয়। গাড়ির ক্ষতি হলেও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বিজেপি প্রার্থী। শীলভদ্রবাবুর কথায়, ভোটের আগের দিন তাঁকে আহত করার ষড়যন্ত্র করছে তৃণমূল। কিন্তু তাঁকে এভাবে দমানো যাবে না। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গুলিবিদ্ধ হয়েছেন মালদহের বিজেপি প্রার্থী গোপাল সাহা। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে ফের এক বিজেপি প্রার্থীর উপর বোমাবাজির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙুল তুলেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জানিয়েছে, ভোটের আগে হাওয়া গরম করতে এসব শীলভদ্রেরই পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *