প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৮ এপ্রিল:
“আমাদের রাজ্যের প্রাক্তন(অসীম দাশগুপ্ত) ও বর্তমান অর্থমন্ত্রী(অমিত মিত্র) দুই জনই অপদার্থ। তাই তো তাঁরা আজ পর্যন্ত নিজেদের কেন্দ্রে কোনো উন্নয়ন করতে পারেননি। তাই এই নেইয়ের রাজত্ব থেকে বেরোতে মানুষ এবার বিজেপিকে ভোট দেবে, আর আমিও খড়দহ কেন্দ্রে জিতব।” রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এভাবেই নিজের জয়ের বিষয়ে আশা প্রকাশ করলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইক ও গাড়ি করে খড়দার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জোর কদমে প্রচার সারলেন বিজেপির প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি এদিন খড়দা বিধানসভা কেন্দ্রে অমিত শাহের সভার সঙ্গে মুখ্যমন্ত্রীর জনসভার প্রসঙ্গ টেনে বলেন “অমিত শাহ পুরো মাঠ জুড়ে খেলে গেছেন আর মুখ্যমন্ত্রীর পা ভেঙ্গে গেছে বলে হয়ত তিনি অর্ধেক মাঠে সভা করছেন, তাছাড়া তাঁর ডাকে তো আর কেউ আসে না শুধু আশা কর্মীরাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর সভায় আসে।”

