পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়ালেন ২৩৬ নং মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। মঙ্গলবার সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের স্কুল বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন।

সকাল থেকেই বাজার চত্বরে ছিল প্রচারের উচ্ছ্বাস। প্রার্থী শঙ্কর গুছাইত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। তিনি সবজি বাজার ও মাছের বাজারে ঘুরে বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। পাশাপাশি বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের সঙ্গেও তিনি যোগাযোগ স্থাপন করেন।

প্রচারের সময় তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং উন্নয়নের স্বার্থে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলেও দাবি করেন তিনি।

দলীয় কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল সরগরম। স্থানীয় স্তরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারে গতি আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

আগামী দিনে মেদিনীপুর সদর বিধানসভা জুড়ে এই ধরনের জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

