BJP, Midnapur, উন্নয়নের অঙ্গীকার, “সংকল্প পত্র” প্রকাশ বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: নির্বাচনের আগে উন্নয়নের অঙ্গীকারে জোর দিয়ে মেদিনীপুর শহরের সিপাহী বাজারে বিজেপির নির্বাচনী কার্যালয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর গুছাইত আজ তাঁর “সংকল্প পত্র” প্রকাশ করেন। উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে তিনি আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

সংকল্প পত্রে মোট ২০টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে মেদিনীপুর বিধানসভা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে বলে জানান শঙ্কর গুছাইত। শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানেরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও, সাধারণ মানুষের সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য “বিধায়ক অ্যাপ” চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এই অ্যাপের মাধ্যমে এলাকার বাসিন্দারা সরাসরি তাঁদের অভিযোগ ও প্রয়োজনীয়তা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রার্থী।

সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এবং জনসংযোগ বাড়াতে এই সংকল্প পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মেদিনীপুরকে একটি উন্নত ও আধুনিক শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *