BJP, Narayangarh, নারায়ণগড় বিধানসভায় জোরদার প্রচারে বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: সোমবার সকাল থেকেই ২২৫ নং নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি জোরকদমে নির্বাচনী প্রচারে নামেন। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনটির সূচনা হয় বেলদা থানার অন্তর্গত খাকুড়দা এলাকায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে।

পতাকা উত্তোলন পর্ব শেষ করে তিনি এলাকার কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। তুতরাঙ্গা, কাজিচক, অমশিয়া সহ একাধিক গ্রাম ও অঞ্চলে কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাইকে চড়ে মানুষের কাছে পৌঁছে যান তিনি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং বিজেপির পক্ষ থেকে উন্নয়নের আশ্বাস দেন।

রমা প্রসাদ গিরি জানান, তাঁর এই প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষিতেই পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের কাছে তিনি পৌঁছচ্ছেন।

প্রচারসভায় তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এবং যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।” পাশাপাশি, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

দিনভর এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে এভাবেই ধারাবাহিকভাবে জনসংযোগ বাড়িয়ে ভোটের ময়দানে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *