BJP, Garhbeta, গড়বেতা বিধানসভায় পরিবর্তনের ডাক, জোরদার প্রচারে বিজেপি প্রার্থী প্রদীপ লোধা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও অপশাসনে ক্লান্ত সাধারণ মানুষের মনে এখন একটাই আকাঙ্ক্ষা পরিবর্তন। উন্নয়নের বহু প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন খুবই সীমিত বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। তাই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে মানুষ আজ নতুন দিশার সন্ধানে।

এই প্রেক্ষাপটে গড়বেতা বিধানসভা কেন্দ্র (২৩৩)-এর প্রার্থী প্রদীপ লোধা আজ বিস্তৃত জনসংযোগ ও প্রচার কর্মসূচি চালান। তিনি আগরা, রঘুনাথপুর, নোহারী, পূর্ব ও পশ্চিম অঞ্চল, শালডাংরা, খড়খড়ি এবং শরবনী ৬ নম্বর অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

প্রচার চলাকালীন প্রার্থী জানান, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করাতেই আমাদের অগ্রাধিকার।”

এলাকার সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা গেছে পরিবর্তনের জোরালো দাবি। বহু মানুষই জানান, তারা আর নীরব দর্শক হয়ে থাকতে চান না। নিজেদের অধিকার এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করছেন।

বর্তমানে প্রতিটি ঘরে, প্রতিটি কণ্ঠে একটাই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, “বাঁচতে চাই, তাই পরিবর্তন চাই।”

রাজনৈতিক মহলের মতে, গড়বেতা কেন্দ্রের এই পরিবর্তনের হাওয়া আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *