নববর্ষের দিন সকল ভোটার ও রায়গঞ্জবাসীর মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে সচেতনতা মূলক ভোট প্রচার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ এপ্রিল: নববর্ষের প্রথম দিনের প্রচারটা একটু ভিন্ন স্বাদের করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। করোনার প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় নববর্ষের দিন সকল ভোটার ও রায়গঞ্জবাসীর মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে শুভেচ্ছা জ্ঞাপন ও সচেতন করলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপি প্রার্থীর সচেতনতামূলক ভোটের প্রচার ব্যাপক সাড়া ফেলে দিয়েছে রায়গঞ্জ শহরে।

আবার নতুন করে বাড়ছে করোনার প্রকোপ। এরই মধ্যে চলছে রাজনৈতিক দলের প্রচার জনসভা কর্মসূচি। তাই সাধারণ মানুষ ও ভোটারদের করোনা নিয়ে সচেতন করতে ১লা বৈশাখের দিনে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সার্জিক্যাল মাস্ক তুলে দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ শহরের রাজপথের দু’ধারে দোকানদার ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার কথাই বললেন আজ। বিজেপি প্রার্থী জানালেন, করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করছে। তাই মানুষকে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার পাশাপাশি সকলকে মাস্ক পরার আবেদন করলেন তিনি। নববর্ষের দিনে সকাল সকাল বাড়ি থেকে আজ ভোটের প্রচার নয়, রায়গঞ্জ শহরের মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক বিলি করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *