আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: প্রচার শেষের আগের দিন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী। দল ত্যাগ করে বহরমপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুণাভ রায় যোগ দিলেন তৃণমূলে। সাংবাদিক সম্মেলন করে এই যোগদানের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনী সিংহ রায়।
রবিবার ভোট বহরমপুর পৌরসভায়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অফিসে তৃণমূলের পতাকা ধরলেন ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুণাভ রায়। একুশ নম্বর ওয়ার্ডে আগেই মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন কংগ্রেস প্রার্থী। এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থীও। মনোনয়ন প্রক্রিয়া চলার সময়ই তার উপর মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অরুণাভ রায়। যদিও এদিন তিনি দাবি করেন, কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। স্বেচ্ছায় যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে।
নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, উন্নয়নের সমর্থনেই দলে এসেছেন অরুণাভ। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন পার হয়ে যাওয়ায় ইভিএম’এ নাম থাকবে অরুণাভের। তবে অরুণাভ জানান, সুবল রায়ের হয়েই ভোট চাইবেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবল রায়ের হয়ে প্রচারেও নামবেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটও চান অরুণাভ।

