অমরজিৎ, ঝাড়গ্রাম, ১৬ মার্চ: মঙ্গলবার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা চোরেশ্বর জিউর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মু। এদিন তিনি গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা ১নং অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন। এছাড়াও মিছিল করা হয় বিস্তির্ণ এলাকায়৷ এদিন তিনি বলেন, সোনার বাংলা গড়তে জঙ্গল মহলের প্রকৃত উন্নয়নের দাবিতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে আশীর্বাদ করার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে আবেদন জানান। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে ভালো সাড়া পেয়েছি। নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তাঁর জয়লাভ হবে। সেইসঙ্গে জঙ্গলমহলের চারটি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে বলে তিনি ১০০শতাংশ আশাবাদী।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি সুমন্ত মহান্তী, সভানেত্রী মৌতৃষা পাল, নয়াগ্রাম বিধানসভার অবজারভার মনিচাঁদ পানী, গোপীবল্লভপুর ২নং মন্ডলের সভাপতি হীরক ঘোষ, সাধারণ সম্পাদক তাপস সুঁই সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।

