আমাদের ভারত, হাওড়া, ২০ মার্চ: গত কয়েকদিন ধরে উলুবেড়িয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উলুবেড়িয়ায় সেভাবে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা না দিলেও শনিবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যুষ মন্ডলের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপি প্রার্থীর সঙ্গে দলীয় পতাকা, গেরুয়া সবুজ বেলুন, মোদী অমিত শাহর ছবি, ব্যান্ডের পাশাপাশি রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানও হাজির হয়েছিল এদিনের শোভাযাত্রায়।

উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৬ এপ্রিল ভোট নেওয়া হবে উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, শ্যামপুর, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর বিধানসভা আসনে এবং আগামী ১০ এপ্রিল ভোট নেওয়া হবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা আসনে। তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। সেইমত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা করেছেন। অন্যদিকে চতুর্থ পর্যায়ের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী মঙ্গলবার। সেইমত শনিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে নিজের মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যুষ মন্ডল এবং সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস উদ্দিন খান।

অন্যদিকে, এদিন সকালে উলুবেড়িয়া বাজারপাড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী প্রত্যুষ মন্ডল। এদিন তাঁর সমর্থনে কয়েকশো পুরুষ মহিলা বিজেপি কর্মী রাস্তায় নামেন। এদিন উলুবেড়িয়া শহরে বিজেপির এই অভিনব শোভাযাত্রা দেখতে রাস্তায় মানুষের ঢল নেমেছিল। এমনকি একসময় এই শোভাযাত্রার কারণে উলুবেড়িয়া শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


