BJP, Midnapur, মেদিনীপুরে প্রচার বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত। শুক্রবার সকাল থেকেই তিনি এক অভিনব প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে নামেন। শহরের বিভিন্ন খেলার মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি মিশে যান এবং তাদের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। মাঠে তাঁর এই উপস্থিতি এবং খেলাধূলার মাধ্যমে প্রচার ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথাও শোনেন তিনি। খেলাধূলার প্রসার এবং যুব সমাজকে আরও বেশি করে মাঠমুখী করার প্রতিশ্রুতি দেন এই বিজেপি প্রার্থী। তাঁর এই ভিন্নধর্মী প্রচার কৌশল সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলে দলীয় সূত্রে জানাগেছে।

প্রচারের ফাঁকে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁর বক্তব্য, “মানুষ ইতিমধ্যেই ঠিক করে নিয়েছে, এই সরকারের পতন অনিবার্য।”

তিনি আরও দাবি করেন যে আসন্ন নির্বাচনে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে মেদিনীপুর সহ গোটা রাজ্যে। এখন দেখার, শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *