আমাদের ভারত, ১৯ এপ্রিল:বাড়ি বাড়ি গিয়ে নিবিড় প্রচার অভিযান চালাচ্ছেন চৌরঙ্গী বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী দেবদত্ত মাজি। বাড়ির দরজায় দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলে বিজেপির জন্য সমর্থন চাইছেন রাজ্যের অন্যতম হিন্দু নেতা হিসেবে পরিচিত দেবদত্ত মাজি। তার দাবি মানুষ এবার আসল পরিবর্তন আনতে চলেছে।


প্রচারে গিয়ে দেবদত্ত বাবু মানুষের কাছে বলছেন রাজ্যের মানুষ চার দশকেরও বেশি সময় ধরে বামফ্রন্ট এবং তৃণমূলের রাজনৈতিক নাটক দেখেছেন। দুই দলই রাজ্যের মানুষকে শুধু শোষণ করেছে। তাই তিনি মানুষের কাছে বলেছেন এবার ভোট দেওয়ায় ভোটদাতারা যেনো একটু তলিয়ে বিচার বিবেচনা করে নিজেদের বহুমূল্য ভোটটি দেয়।
কট্টর এই হিন্দু নেতা মনে করেন, মানুষ যদি বিজেপিকে সমর্থন জানায় এবং বিজেপিকে যদি সুযোগ করে দেয় এবার তাহলে শহর, গ্রাম তথা রাজ্যে, আসল পরিবর্তন আসবে।
বিজেপির এই প্রার্থী জানিয়েছেন,ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সহযোগিতা এবং আশ্বাস পেয়েছেন। মানুষ পরিবর্তনের কথা ভাবছে আর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের রায় তার পক্ষেই যাবে।
চলতি বছরের জানুয়ারি মাসেই বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবদত্ত মাজি। সিংহবাহিনী নামে একটি হিন্দু সংগঠন তার হাতেই তৈরি। বিজেপিতে যোগ দেওয়ার আগে এই সংগঠনের কাজ তিনি পরিচালনা করতেন। এবার রাজ্যে বিধানসভা ভোটের আগেই হিন্দু ভোটকে এক জায়গায় আনতে তিনি বিজেপিতে যোগ দেন। হিন্দু সংহতি নেতা দেবতনু ভট্টাচার্য ছাড়াও রাজ্যে আরো এক হিন্দুত্ববাদী নেতা হিসেবে দেবদত্ত মাজি পরিচিত মুখ।

চৌরঙ্গী আসনে বিজেপির প্রার্থী হবার পরেই তিনি জানিয়েছিলেন, তৃণমূলের অপশাসনে অতিষ্ঠ রাজ্যের মানুষ। রাজ্য সরকার হিন্দু জনতার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। জিহাদি শাসনের ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হিন্দুদের নিরাপত্তা নেই। প্রতিবাদ করলেই মিথ্যা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে। এইসবের প্রতিবাদ জরুরি। হিন্দুদের নিরাপত্তা ও হিন্দুর ধর্মীয় স্বাধীনতা রক্ষার স্বার্থেই কাজ করতে চান তিনি। গতবছর লকডাউনের সময়েও কলকাতা শহরের দরিদ্র মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার কাজ করেছেন দেবদত্ত। হিন্দুত্ববাদী মানুষ আশাবাদী দেবদত্তবাবু জিতলে হিন্দুদের সমস্যা নিয়ে বিধানসভায় জোর আওয়াজ তুলবেন তিনি।

