পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: রবিবার দুপুর থেকে জঙ্গলমহলের গোয়ালতোড় এলাকায় জোরদার প্রচারে নামলেন শালবনী বিধানসভার বিজেপি প্রার্থী বিমান মাহাতো। আসন্ন নির্বাচনের প্রাক্কালে দিনভর একাধিক গ্রাম পরিক্রমা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি।

প্রচারের সূচনা হয় শাখাভাঙ্গা এলাকা থেকে। এরপর ধরমপুর ও কদমডিহা সহ আশপাশের বিভিন্ন গ্রামে পদযাত্রা করেন বিজেপি প্রার্থী। অলিগলি ঘুরে ঘুরে মানুষের দরজায় পৌঁছে যান তিনি। শোনেন স্থানীয়দের সমস্যা ও দাবি-দাওয়া। প্রচারের সময় বেশ কয়েকটি জায়গায় মহিলাদের উচ্ছ্বাস নজরে পড়ে। শঙ্খধ্বনির মাধ্যমে তারা বিমান মাহাতোকে স্বাগত জানান, যা প্রচারে এক আলাদা মাত্রা যোগ করে।
দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মুড়াকাটা, শিরীষবনি ও কদশোল এলাকাতেও প্রচার চালান তিনি। প্রতিটি এলাকাতেই কর্মী- সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, ফলে গোটা প্রচার কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, শালবনী বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০১১ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রীকান্ত মাহাতো। এবার সেই আসনে তাকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নেমেছেন বিজেপির বিমান মাহাতো। নির্বাচনের আগে থেকেই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন।

রাজনৈতিক মহলের মতে, এ বছরের লড়াই এই কেন্দ্রে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। একদিকে অভিজ্ঞ বিধায়ক, অন্যদিকে নতুন উদ্যমে মাঠে নামা চ্যালেঞ্জার, সব মিলিয়ে শালবনীতে ভোটের লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে।

