কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ:
ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রচার চলছে জোড় কদমে। এতদিন শান্তিপূর্ণভাবে সবকিছু চললেও বৃহস্পতিবার ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাটকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ঘাটালের কোতলপুরে ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন।অভিযোগ, কোতুলপুরে প্রচারের সময় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী লাঠিসোঁটা নিয়ে বিজেপি প্রার্থী এবং কর্মীদের আক্রমণ করে। শীতলবাবুর হাতে লাঠির আঘাত করা হয় বলে অভিযোগ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভানেত্রী হাসি হালদারকে মারধর করা হয়।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে বলেন, তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকাতে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। আজ কোতুলপুরে তৃণমূল কর্মীরা আমাদের প্রার্থীকে আক্রমণ করে। তিনি বলেন, পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে এলাকায় পৌঁছেছে।
বিজেপির প্রার্থী শীতলবাবু বলেন, আমরা এলাকায় প্রচার করছিলাম সেই সময় তৃণমূল কর্মীরা আমাদের ঘিরে ধরে এবং মারধর করে আটকে রাখে।
এ বিষয়ে ঘাটাল বিধানসভার বিধায়ক তথা এবারের বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুই বলেন, আমাদের কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত নয়, বিজেপি পরিকল্পিতভাবে এই সব করছে।


