পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ মার্চ: রাজ্যের এক কোটি আশি লক্ষ বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে থাকে তারা কি সবাই বহিরাগত? বহিরাগত ইস্যুতে এমনভাবেই তৃণমূলকে বিঁধলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। শুধু তাই নয় কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়া রাজ্য সরকারকে একাধিক অর্থনৈতিক ইস্যুতে তুলোধনা করেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। মঙ্গলবার বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই বুধবার সকালে হাজির হন শহরে। বালুরঘাটের চকভবানী বারোয়ারী কালী মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে প্রথম দিনেই নিজের পরিচিতি ও দলের হয়ে প্রচার পর্ব সারেন তিনি। এরপর দুপুরে বিজেপির জেলা কার্যালয়ে হাজির হয়ে দলীয় নেতৃত্বদের সাথে নিজের পরিচিতির পাশাপাশি একটি স্বল্প সময়ের বৈঠকও করেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্বরা। এদিন এলাকায় নিজের নামে একটি দেওয়াল লিখতেও দেখা গিয়েছে অশোক লাহিড়ীকে। যারপরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কলকাতা তার জন্মস্থান হলেও অবিভক্ত দিনাজপুরের রায়গঞ্জেই তার মামা বাড়ি রয়েছে। রাজনীতির সাথে সেভাবে যুক্ত না থাকলেও বালুরঘাট কেন্দ্র থেকেই বিজেপি তাকে প্রার্থী করেছে।

তার পরিচয় হিসাবে জানা গেছে, দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা হিসাবে অশোক লাহিড়ী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও মনমোহন সিংয়ের অত্যন্ত স্নেহধন্য ছিলেন। পি চিদম্বরমের সময়েও তিন বছর ওই একই পদে বহাল ছিলেন তিনি। বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এশিয় উন্নয়ন ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আর যাকে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী হিসাবে তুলে নিয়ে এসেছে বিজেপি। তবে কি আর্থিক ভাবে মুখ থুবড়ে পড়া এরাজ্যের হাল ধরতেই এমন হেভিওয়েট অর্থনীতিবিদকে তুলে নিয়ে আসা হয়েছে? যে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জেলার প্রায় সর্বত্রই।
অশোক লাহিড়ী বলেন, রাজ্যের এক কোটি আশি লক্ষ প্রবাসী বাঙালি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে। কোথাও তাদের কিছু বলা হয় না। কিন্তু এরাজ্যে এসব নিয়ে উস্কানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

