পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন ২২৬ নং সবং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমল পন্ডা। মঙ্গলবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পিংলা থানার অন্তর্গত ছোট খেলনা, মালিগ্রাম, তুলসীচক সহ একাধিক এলাকায় বর্ণাঢ্য মিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করেন।

সকাল থেকে সন্ধে পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কখনো পায়ে হেঁটে, কখনো মোটর সাইকেলে চড়ে প্রচার চালান তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বহু কর্মী ও সমর্থক, ফলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারের সময় অমল পন্ডা এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তি প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে মানস ভুঁইঞার নেতৃত্বে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হন। তিনি দাবি করেন, এলাকায় ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হলে বিজেপিকে সমর্থন করা প্রয়োজন।

এই কর্মসূচির মাধ্যমে সবং বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন যে ক্রমশ শক্তিশালী হচ্ছে, তারই ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নির্বাচনের আগে এই ধরনের লাগাতার প্রচার যে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

