সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: তৃণমূল পরিচালিত জয়পুর পঞ্চায়েত সমিতিতে অনাস্থার ডাক দিল বিজেপি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়াল জেলার রাজনৈতিক মহলে। জয়পুর পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ২১। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯, তৃণমূল ৯, কংগ্রেস ১, সিপিএম ১, ফরওয়ার্ড ব্লকের ১ জন সদস্য জয়ী হন। যেখানে তৃণমূল ৯ ও কংগ্রেসের একজনের মধ্যে সভাপতি নির্বাচিত হন বিন্দু কর্মকার। পরে তৃণমূলের একজন সদস্য মারা গেলে নির্বাচিত সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২০।

আর এই অবস্থার রাজনৈতিক সুবিধা নিতে তৎপর হয় বিজেপি। ক্ষমতা নিজেদের মুঠোয় আনতে অনাস্থার প্রস্তাব দেয় তারা। অপ্রত্যাশিত ভাবে দোসর হয় বামেরা। এই সিদ্ধান্তের বিষয়ে জয়পুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সঞ্জীব মাহাতো জানান, আজ দলের ৯ ও বামফ্রন্টের ২ সদস্য নিয়ে ১১ জন মিলে সভাপতির বিরুদ্ধে অনাস্থার লিখিত আবেদন করা হল ঝালদা মহকুমা দফতরে। বিজেপি নেতা সঞ্জীব আরও বলেন, “পঞ্চায়েত সভাপতি আস্থা হারিয়েছেন। তাই, আমরা প্রয়োজনীয় সদস্য সংখ্যা নিয়ে অনাস্থার ডাক দিয়েছি।”
এই পরিস্থিতিতে তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি শংকর নারায়ণ সিং দেও কোনও কথা বলতে চাননি। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

