বনগাঁয় আবারও ঘর ভাঙল বিজেপির, বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাড়ে সাতশো জন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণার, ২৭ অক্টোবর: বনগাঁয় আবারও ঘর ভাঙ্গল বিজেপির। পঞ্চায়েত সদস্য সহ নানা দল ছেড়ে সাড়ে সাতশোরও বেশি সমর্থক যোগ দিল তৃণমূলে। বুধবার বনগাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাড়াপোতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দত্ত, জেলা সভাপতি আলোরানী সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

এদিন আলোরানী সরকারের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা মালাকার। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে প্রায় সাড়ে সাতশোরও বেশি সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা মালাকার বলেন, বিজেপির বনগাঁ জেলা সাংগঠনিক নেতৃত্ব এখন মানুষের কাজ বাদ দিয়ে টাকা তুলতে ব্যস্ত। দলের কর্মীদের কাজ করতে দিচ্ছে না। এইরকম দলে থাকার থেকে না থাকাই ভাল বলে মনে করি, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া।

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানী সরকার জানিয়েছেন, বিজেপির বেশিরভাগ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামীতে আরও দুটি যোগদান অনুষ্ঠান হবে।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, এরা বিজেপি ক্ষমতায় আসবে বলে দলে এসেছিল নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। সেটা বাস্তবায়িত হয়নি তাই নিজেদের দলে গিয়ে ফের ঢুকছে। এরা আদৌ কোনও দিনই বিজেপির ছিল না। লোক দেখানো ছাড়া আর কিছুই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *