গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১ মার্চ: হুগলির আরামবাগের গৌরহাটি বাজার এলাকায় বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শনিবার রাতে বিজেপির ২৪৯ নম্বর বুথের সভাপতি কিঙ্কর লাগা গৌরহাটি অঞ্চলের বেহালা বাজার এলাকায় দলের গৃহ-সম্পর্ক অভিযানে যান এবং তা শেষ করে গৌরহাটি বাজারে আসতেই, সেখানে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ।

জানাগেছে, আহত বিজেপি নেতাকে স্থানীয় নেতৃত্বরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটি নিয়ে বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাশাপাশি মারধরের ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বিজেপির আহত বুথ সভাপতি।

