প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ২১ এপ্রিল:
জগদ্দল থানার কাউগাছি এলাকায় বিজেপির দলের পতাকা লাগাতে গিয়ে এক দল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির বুথ সভাপতি। বন্দুকের বাট, রড, লাঠি দিয়ে সনজিত মজুমদার নামে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। আহত বিজেপি কর্মী শিমূল তলার বাসিন্দা।
আগামীকাল ২২ এপ্রিল জগদ্দল বিধানসভায় ভোট আর তার আগে কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েতে নিজের দলের দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপির ৬৯ নম্বর বুথ সভাপতি সনজিত মজুমদার। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী সনজিত মজুমদারের ওপর চড়াও হয় এবং বন্দুকের বাট, রড দিয়ে তাঁকে বেধড়ক মারতে থাকে। এরপর দুষ্কৃতীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সনজিত মজুমদারকে উদ্ধার করে।

গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া জেলা সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসেন জগদ্দলের বিজেপির প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তিনি এদিন অভিযোগ করেন, পুলিশ নিস্ক্রিয় এবং দলদাসে পরিনত হওয়ায় এধরণের কাজের পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের বুথ প্রেসিডেন্ট সনজিত মজুমদারকে মারা হলো। আমরা যেকোনো উপায়ে সাধারন মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে চাই। কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে না। মানুষ যদি এরপরে প্রতিবাদ গড়ে তোলে তাহলে আর কিছু বলার থাকবে না।” এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

