বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বিজেপির পথ অবরোধ রায়গঞ্জে, অভিযোগ উঠেছে সামাজিক দূরত্ববিধি না মানার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জুন: করোনা সংক্রমণ প্রতিরোধে রাজনৈতিক সভা, অবস্থান ও পথ অবরোধ কর্মসূচির বিধিনিষেধ থাকলেও সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে পথ অবরোধ করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলা বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে। আজ রায়গঞ্জ শহরে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে শহরের রাজপথ অবরোধ করে বিজেপি। বিজেপির এই পথ অবরোধে রায়গঞ্জবাসী নাজেহাল হওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগ উঠেছে।

সাধারন মানুষের তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে শুক্রবার বিদ্যুৎ বিলি বন্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। আচমকাই বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রায়গঞ্জ শহরের রাজপথ অবরোধ করে বসে। অভিযোগ উঠেছে, সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করে জমায়েত করার।
যেখানে রাজ্য ও কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে লক ডাউন চলাকালীন কোনও রাজনৈতিক জমায়েত বা পথ অবরোধ কর্মসূচি করা যাবে না সেখানে বিজেপি সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে জমায়েত ও পথ অবরোধ করেছে বলে অভিযোগ।

বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির এই পথ অবরোধ কর্মসূচি সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, বিজেপির রাজ্য সভাপতি নিজেই সামাজিক দূরত্ব বিধি মানছেন না। তাঁরই নির্দেশে জেলা বিজেপি এই ধরনের কর্মসূচি করছে। বিজেপি একটা উদ্ধত অসামাজিক দল, এরা কোনও কিছুই মানেনা। যদিও বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, সামাজিক দূরত্ব বিধি মেনেই আমরা আন্দোলন করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বাজার হাট শপিং মল খুলে দিয়ে নিজেই সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করেছেন। আমরা মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখেই সাধারন মানুষের স্বার্থে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকি আন্দোলন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *