বিরোধী দল নেতার কার্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মে: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে আজ বাঁকুড়া শহরের কেরানীবাঁধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাঁকুড়া জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, সাধারণ সম্পাদিকা মণিকা দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বেলা বারোটা নাগাদ প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী বাঁকুড়া শহরের প্রধান প্রবেশ পথ কেরানীবাঁধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যস্ততম রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় বেশ কিছু যানবাহন আটকে যায়। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। বিরোধী দলের কন্ঠরোধ করা হচ্ছে, বিরোধী দলনেতার কার্যালয়ে পর্যন্ত পুলিশের হানা। এটা গণতন্ত্রের লজ্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *