BJP, Bhagwanpur, বেহাল রাস্তা সংস্কারের দাবি, ভগবানপুরে পথ অবরোধ বিজেপির

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা, বারবার জানিয়েও মেলেনি সুরাহা। শেষমেশ রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের গোপীনাথপুর থেকে ফতেপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী- সমর্থকরা।

স্থানীয় সূত্রে খবর, গোপীনাথপুর থেকে ফতেপুর যাওয়ার এই দীর্ঘ রাস্তাটি গত কয়েক বছর ধরে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত আর বর্ষায় কাদা-জলে একাকার হয়ে যায় রাস্তাটি। এর ফলে নিত্যযাত্রীদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। স্কুলপড়ুয়া এবং রোগীদের নিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা পেতেও দেরি হচ্ছে এলাকায়।

আজ সকালে এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই এলাকার উন্নয়ন থমকে আছে।

বিক্ষোভকারীদের কথায়, “মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হবে, অথচ বছরের পর বছর সাধারণ মানুষ কষ্ট পাবে এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে রাস্তা সারাইয়ের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ বিক্ষোভকে সমর্থন জানালেও যাতায়াতে কিছুটা সমস্যায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের কাছেও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠলেও, কাজ শুরু না হওয়া পর্যন্ত নজরদারিতে থাকবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *