অমিত শাহ’র সভায় যাওয়ায় দুই অটো চালককে কাজে বাধা, প্রতিবাদে রামপুরহাটে পথ অবরোধ বিজেপির

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৭ এপ্রিল: অমিত শাহ’র সভায় যাওয়ার অপরাধে দুই আটো চালককে কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার আটলা মোড়ে রামপুরহাট-তারাপীঠ রাস্তা অবরোধ করল বিজেপি। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

১৪ এপ্রিল সিউড়িতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সভায় গিয়েছিলেন অটো চালক প্রভাত হাজরা এবং অসিত মণ্ডল। তারপর থেকে ওই দুই অটো চালককে রাস্তায় অটো চালাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে এদিন আটলা মোড়ে অবরোধ করে বিজেপি। অবরোধ চলাকালীন অটো ইউনিয়নের নেতার হুমকিতে উত্তেজনা ছড়ায়। অবরোধকারীদের সঙ্গে অটো ইউনিয়নের ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল, বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি রশ্মি দে’রা বলেন, “দুই অটো চালক সিউড়িতে অমিত শা’র সভায় গিয়েছিল। তারপরের দিন থেকেই তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের নেতারা দুজনকে অটো চালাতে দিচ্ছে না। সমস্যার সমাধানে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি। পুলিশই আমাদের পথ অবরোধ করতে বাধ্য করেছে।”

অসিত মণ্ডল বলেন, “রামনবমীর দিন আমরা অটোতে গেরুয়া পতাকা ঝুলিয়ে ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর দিন সিউড়িতে বিজেপি কর্মীদের নিয়ে গিয়েছিলাম। সেই কারণে আমাদের অটো চালাতে দিচ্ছে না। বলছে খরুন অঞ্চল সভাপতি মহাদেব সাহার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা রাজি না হওয়ায় তিনদিন ধরে আমরা বেকার বসে রয়েছি।”

অটো ইউনিয়নের সম্পাদক নাসির শেখ বলেন, “নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী তোলার জন্য ওই দুজনকে সাত দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এটাই আমাদের নিয়ম। তারপরও গাড়ি চালাতে বলেছিলাম। কিন্তু তারা বিজেপিকে দিয়ে আন্দোলন করল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *