সোমনাথ বরাট, আমাদের ভারত, ২৩ মার্চ: রামপুরহাটের বগটুই গ্ৰামে গণহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং রাজ্যে আইন শৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে আজ জেলা বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।আজ সকালে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক মিছিল সহকারে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। থানার সামনে বিরাট পুলিশ বাহিনী মিছিলের গতিরোধ করে। এই সময় উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মীরা থানার সামনে উচ্চস্বরে শ্লোগান দিতে থাকেন।

জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, রামপুরহাটে বগটুই গ্ৰামে সোমবার রাতে বারোজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।শিশু থেকে মহিলা কেউ রেহাই পাননি। এই গণহত্যা প্রমাণ দিচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্হিতি। পশ্চিমবঙ্গকে বদ্ধভূমিতে পরিণত করা হয়েছে। এই গণহত্যার দায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। এই দায় মাথায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হয়।

