ভোট পরবর্তী সন্ত্রাস, রায়গঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ এপ্রিল: ভোট পরবর্তী সন্ত্রাস চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর, বাড়ির মহিলাদের লাথি ও মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণের ভয়ে ঘরছাড়া বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিধাননগর সাঁওতালপাড়া এলাকায়। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই বিজেপি কর্মীর পরিবার। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন ওই বিজেপি সমর্থিত পরিবার। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী বিশু সরকার।

বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার ভোটগ্রহণ হওয়ার পর রায়গঞ্জ শহরের বিধাননগর সাঁওতালপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডবের অভিযোগ উঠল। অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী বিশু সরকারের নেতৃত্বে দুষ্কৃতীরা উজ্জ্বল রায় নামে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে ভাঙ্গচুর করার পাশাপাশি তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী ও মাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সূত্রের খবর, এলাকায় বিজেপির ভোট বেশি পড়ায় তৃণমূল এইধরনের সন্ত্রাস চালাচ্ছে। আক্রান্ত বিজেপি কার্যকর্তা উজ্জ্বল রায়ের স্ত্রী শম্পা রায় অভিযোগ করে বলেন, তৃণমূল কর্মী বিশু সরকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী গতকাল রাতে তাঁর স্বামীকে খুঁজতে আসে। তাঁকে বাড়িতে না পেয়ে বাড়িঘরে ভাঙ্গচুর চালানোর পাশাপাশি তাদের মারধর করে। তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেয় তারা। এই ঘটনার পর থেকে আমার স্বামী প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। আমরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনার তদন্তের দাবির পাশাপাশি আমাদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছি পুলিশকে।

বিজেপির রায়গঞ্জ মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী বলেন, রায়গঞ্জ পুরসভার প্রতিটি ওয়ার্ডের ভোটাররা বিজেপি প্রার্থীকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস হারছেই। এই হেরে যাওয়ার কারণে আগে থেকেই রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের কাছে এবং রায়গঞ্জ থানার পুলিশকে অবিলম্বে ব্যাবস্থা গ্রহণ করার আবেদন করেছি।

যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী বিশু সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন। ভোট খুবই শান্তিপূর্ণ ভাবেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাতের বেলা কে বা কারা বাড়িতে ভাঙ্গচুর করেছে তা আমাদের জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *