বিজেপির নেতার উপর হামলা পুঞ্চায়, অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

সাথী দাস, পুরুলিয়া, ২৪ এপ্রিল: বিজেপির ওবিসি মোর্চার মণ্ডল সম্পাদক সহ চার জনকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লাখড়া অঞ্চলের বদড়া গ্রামে। আহত বিজেপির ওবিসি মোর্চার মন্ডল সম্পাদক উজ্জ্বল প্রামানিক সহ অন্যানদের পুঞ্চা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলে থাকায় হেলমেট পরে ছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় তাঁর উপর হামলার ঘটনা ঘটে। রডের আঘাতে হেলমেটটি খান খান হয়ে যায়। লাঠি ও রডের আঘাতে হাত কোমরে চোট পান ওই বিজেপি নেতা। অভিযোগ জানানো হয়েছে পুঞ্চা থানায়।

আক্রান্ত স্থানীয় ওই বিজেপি নেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এদিন সকালে স্থানীয় তৃণমূল পরিচালিত লাখরা পঞ্চায়েতের প্রধান নবীন সিং পাতর দলবল নিয়ে আক্রমন করে। রড লাঠি সোঁটা নিয়ে হামলা করে তারা। ওই সময় উজ্জ্বলবাবুর পরিবারের সদস্যরা বাঁচানোর জন্য এগিয়ে এলে তাঁদের উপরও হামলা চালায় প্রধানের সঙ্গীরা। আঘাতে এক মহিলা সহ বেশ কয়েকজন জখম হন।

আক্রান্ত উজ্জ্বল প্রামানিক জানান, গতকাল এই এলাকায় একটি রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল। সেই নির্মাণে নিযুক্ত ঠিকাদারের কাছে কাটমানি খেয়ে নিম্নমানের রাস্তা নির্মাণ করায় প্রতিবাদ জানানো হয়। সেই ঘটনার পর আজ প্রধান সহ তার দল এই হামলা চালায়।

অন্যদিকে সমস্থ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল প্রধান সহ তাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করেন। গোটা ঘটনা পরেই উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *