গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ মার্চ:
দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এই সংঘর্ষে বিজেপির চার জন কর্মী আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার ১ নং পশ্চায়েতের গোপালবাটি এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আহতদের হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
জানাগেছে, কদিন আগে নির্বাচনী বিধি মেনে রাস্তায় দলীয় পতাকা প্রশাসনের তরফ থেকে খুলে দেওয়া হয়।তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরাই
পতাকাগুলো খুলে ফেলে দিয়েছে। এই নিয়ে তৃণমূল বিজেপি বচসায় জড়িয়ে পড়েছিল। হঠাৎ মঙ্গলবারবার সকালে বিজেপির বেশ কয়েকজন গোপালবাটি মোড়ে দাঁড়িয়ে ছিল। বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। এরপরই বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, তৃণমূলের লোকজন লাঠিসোঁটা দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। সংঘর্ষে আহত হয় চার জন বিজেপি কর্মী। তাদের কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় ছুটে যায় গোঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় দু’পক্ষই গোঘাট থানার দ্বারস্থ হয়। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকায় চলছে পুলিশের টহলদারি।

