প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ অক্টোবর: মনোনয়ন পত্র জমা দিতে এসে নিজেকে ভূমিপুত্র ও তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়কে বহিরাগত বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী জয় সাহা।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে খড়দহ উপ নির্বাচন। ইতিমধ্যেই তৃণমূলের হয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। অপর দিকে বিজেপির হয়ে খড়দহ উপ নির্বাচনে ভোট যুদ্ধে নামবেন বিজেপির তরুণ নেতা ভূমিপুত্র জয় সাহা।
শুক্রবার খড়দহ উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি বলেন, “জীবনে প্রথম ধাপে পা দিতে চলেছি তাই ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি। একজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে আমি লড়ছি ভগবান যেন সেই শক্তি আমাকে দেন তার বিরুদ্ধে লড়ার। তৃণমূল প্রার্থী একজন বর্ষীয়ান মানুষ আমি তাঁর আশির্বাদ নিয়ে ভোটের লড়াই করতে চাই।”

এদিন বিজেপি প্রার্থী আরও বলেন “আমি খড়দহের মানুষ আমি ঘরের ছেলে হয়ে থাকতে চাই। শোভন দেব চট্টোপাধ্যায় হয়তো অনেক বার জিততে পারেন কিন্তু খড়দহের মানুষের কাছে তিনি বহিরাগত। ওনার মত ৩০ কিলোমিটার দূরে থাকি না আমি এখানকার ভূমিপুত্র। খড়দহের মানুষ যে কোনও সুবিধা অসুবিধাতেই আমাকে পাশে পাবেন।” আগামীতে ভোটে জিতে আসলে খড়দহের মানুষের প্রধান দাবি ওভার ব্রিজের স্বপ্ন তিনি পূরণ করবেন। ১০ বছর ধরে তৃণমূল খড়দায় জিতে আসলেও ওভার ব্রিজের দাবি পূরণ করতে পারেনি। তাছাড়া এখানে অনেক রাস্তা হয়েছে যেগুলির বেহাল দশা হয়ে রয়েছে সেগুলি ঠিক করার ব্যবস্থা করতে হবে। তাছাড়া এখানকার একটা সমস্যা হল জল জমার সমস্যা। এগুলো ঠিক করাই আমার প্রথম কাজ হবে।”
অপর দিকে এদিন দুপুরে খড়দহ উপ নির্বাচনে খড়দা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর সমিরণ বারিকের কাছে। এদিন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসের সাথে ছিলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কল্যাণ মুখার্জি, সিপিএমের খড়দা এরিয়া কমিটির সম্পাদক স্বপন ধর, এরিয়া কমিটির সদস্য রিন্টু মৈত্র এবং দেবাঞ্জন গোস্বামী। করোনা ভাইরাস বিধি মেনেই মনোনয়ন পত্র জমা দিলেন আজ দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে দেবজ্যোতি দাস।
প্রসঙ্গত, গত কাল তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেন।

