পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: রাজ্য প্রশাসন নিযুক্ত আধিকারিকদের ভূমিকা নিয়ে এবার গুরুতর অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এসআইআর SIR (Special Investigation Review) প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা।

বুধবার বিকেল ৪টে নাগাদ বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ডেপুটেশন জমা দেয়। বিজেপির অভিযোগ, যেসব ক্ষেত্রে শুনানির (হিয়ারিং) প্রয়োজন নেই, সেসব ক্ষেত্রেও সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। এর ফলে অকারণে হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ।
বিজেপি জেলা নেতৃত্বের দাবি, প্রশাসনের একাংশ ইচ্ছাকৃতভাবে এই ধরনের পদক্ষেপ করছে, যাতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রক্রিয়াকে বদনাম করা যায়। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ডেপুটেশন জমা দেওয়ার পর বিজেপি নেতৃত্ব জানান, প্রশাসনের উচিত নিরপেক্ষ ও স্বচ্ছভাবে কাজ করা। কোনওভাবেই যেন সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। পাশাপাশি, এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথেও যেতে হতে পারে বলে ইঙ্গিত দেন বিজেপি নেতারা।
যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

