আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ মে: বুধবার দুপুরে জগদ্দল বিধানসভার রাহুতা বিআরএস কলোনীর বাসিন্দা দুষ্কৃতিদের হাতে নিহত শোভারাণী মণ্ডলের ছেলে বিজেপি কর্মী কমল মণ্ডলের বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কথা বলেন নিহতের পরিবারের লোকেদের সাথে।
নির্বাচনে ফল বেরোনোর পর জগদ্দল বিধানসভার ১৭১ নম্বর বুথের বিজেপির বুথ প্রেসিডেন্ট কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। মারধর করতে থাকে কমল মন্ডল ও তাঁর স্ত্রীকে সেই সময় তার মা শোভা রাণী মন্ডল তাদের বাঁধা দিতে আসেন। দুষ্কৃতীরা বাঁশ, লাঠি দিয়ে ৮০ বছরের ওই বৃদ্ধাকে মারধর করে। দুষ্কৃতীরা চলে গেলে বৃদ্ধা শোভা রাণী দেবীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার খবর বিজেপির উচ্চ নেতৃত্বকে দেওয়া হয়। এরপরই বুধবার ওই বিজেপি কর্মীর বাড়িতে আসেন জে পি নাড্ডা।
তিনি এদিন বিজেপি কর্মী কমল মণ্ডলের বাড়ির সকলের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে বিজেপি তাদের পাশে সব সময় আছে সেই বার্তাও দেন কমলবাবুর পরিবারকে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এদিন কমলবাবু ও তার বাকি ভাই দের আশ্বস্ত করে বলেন আমরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে আপনাদের লড়াইয়ে থাকবো।
শোভা রাণী মণ্ডলের বাড়ি থেকে বেড়িয়ে জে পি নাড্ডা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতা পাওয়ার জন্য এবং এই ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাকে রক্তাক্ত করছে। বিজেপি বাংলা থেকে এই রাজনৈতিক হিংসা দূর করতে বদ্ধ পরিকর।”

