অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মার্চ:
“যারা রাস্তায় নেমে লড়তে পারেনা তারা ঠান্ডা ঘরে বসে টুইট করে। ঠান্ডা ঘর থেকে রাজনীতি হয় না”, এভাবেই ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ তাঁর নিজের জন্মভূমি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের সর্বজনীন হরিনাম সংকীর্তনে যোগ দিতে এসেছিলেন। এখানে হরিনাম সংকীর্তনে মহাপ্রভুর চরণে প্রণাম করে তাঁর মা ও পরিবারের সাথে দেখা করে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়াতে দলের কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নতুন সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, নতুন কমিটি গঠন হয়েছে। বুথ স্তরেও রদবদল হবে, সক্রিয় কর্মীরা ফের দলকে দাঁড় করাবেন। পাশাপাশি তথাগত রায়ের টুইটে তাঁকে আক্রমন করার বিষয়ে বলেন, যারা রাস্তায় বেড়িয়ে লড়তে পারে না তারা ঠান্ডা ঘরে বসে টুইট করে।

