স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জুলাই: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে রাজবংশী মানুষদের খুন ও ধর্ষণ করছেন তারই প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা বিজেপির কর্মী সমর্থকরা। এদিন দুপুরে রায়গঞ্জের শিলিগুড়িমোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরোজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, রবিবার সকালে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বসলামপুর এলাকায় মাম্পি সিং মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা মাম্পিকে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে গিয়েছে। ঘটনাস্থল থেকে দুষ্কৃতীদের মোবাইল ফোন সাইকেল পাওয়া গিয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে জেলাজুড়ে আন্দোলন শুরু হয়।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাম্পিকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন, বেছে বেছে রাজবংশী মানুষদের প্রতিনিয়ত ধর্ষণ করে খুন করছে তৃণমূল আশ্রিত
দুষ্কৃতীরা তারই প্রতিবাদে বিজেপি সিবিআই তদন্তের দাবিতে আজ রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানান জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।

