আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: দলীয় বিধায়কদের উপর আক্রমণ ও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বুধবার দাসপুর থানা ঘেরাও করে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তাদের অন্যান্য বিধায়কদের উপর আক্রমণ করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টিও সামনে আনা হয়। এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাজার পরিক্রমা করার পর দাসপুর থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। কর্মসূচির নেতৃত্ব দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা, জেলা নেতা তপন মাইতি, তপন দত্ত সহ অন্যান্যরা।
বিজেপি বিধায়ক বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের গণতন্ত্র চান না। তারা অতি দ্রুত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। রামপুরহাট গণহত্যার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

