রাজেন রায়, কলকাতা, ১৭ এপ্রিল: আচমকাই বুথের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বিজেপি পোলিং এজেন্টের। শনিবার সকালে কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপি এজেন্টের মৃত্যুতে ছড়ায় চাঞ্চল্য। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ সামন্ত নামে ওই পোলিং এজেন্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও সহযোগিতা মেলেনি বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, ভোট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ সামন্ত। একসময় হঠাৎই বমি করতে থাকেন তিনি। কিছুক্ষণ পর সংজ্ঞা হারান। তবে তিনি বুথের ভেতর কোনও খাবার খাননি। তাঁকে বুথের মধ্যে একটি বেঞ্চে শুইয়ে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

পরে জল দিতে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান এক দলীয় কর্মী। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি ভোটকর্মীদের উদাসীনতাতেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় প্রশ্নের মুখে বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা। কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও প্রথমেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না স্বাভাবিকভাবেই তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

