মাথা ফাটলো বিজেপি এজেন্টের, দিনভর বিক্ষিপ্ত অশান্তি বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়

আমাদের ভারত, বর্ধমান, ১৭ এপ্রিল: পঞ্চম দফার ভোটে সকাল থেকে দিনভর উত্তপ্ত রইল বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকা। বিজেপি এজেন্টকে মারধর, মাথা ফাটিয়ে দেওয়া, বিজেপির এজেন্টকে বসতে না দেওয়া, বিজেপি কর্মীদের উপরে হামলা সহ একাধিক অভিযোগ তোলে বিজেপি। পালটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের মারধর ও তাদের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালানোর অভিযোগ ওঠে।

এদিন সকাল থেকে ভোট শুরু হতেই বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর প্রাথমিক বিদ্যালয়ে ৭০,৭১,৭২ ৭৩ নং বুথে বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে সরাইটিকর প্রাথমিক স্কুলে পৌঁছান বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়। তিনি অভিযোগ করে বলেন, তাদের এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্রামবাসীদের ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দুবরাজদিঘি হাইস্কুলের ৩৭ নং বুথে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

অন্যদিকে বেলা বাড়তেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের নীলপুর এলাকা। ১২ নং ওয়ার্ড এলাকায় বুথের বাইরে জমায়েতকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়।এক পক্ষ অন্য পক্ষের দিকে ইট ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলে গিয়ে বর্ধমান থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এদিন বিকেল নাগাদ বর্ধমান পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাড়া পুকুর এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর গা-হাত-পা ফাটিয়ে দেয় তৃণমূল বলে অভিযোগ। পালটা ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস বলেন, বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা গন্ডগোল বাধানোর চেষ্টা করে। তাদের দলীয় কার্যালয় ভাঙ্গচুর করা হয়। তবে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

অন্যদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী বলেন, সকাল থেকেই মানুষ নিজের ভোট নিজে দেওয়ার জন্য লম্বা লাইন দিয়েছেন। ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *