পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা বাইপাস সংলগ্ন ইস্কন মন্দিরের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। বুধবার দুপুরে একটি বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা ট্যাঙ্কারটিকে গ্রাস করে নেয়। খবর পেয়ে খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে এই ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়েছিলো। সেই দুর্ঘটনার পর থেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারটিতে মেরামতির কাজ চলছিলো। বুধবার কাজ চলাকালীন হঠাৎই সেটিতে আগুন ধরে যায়।

